রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদযাত্রার অগ্রিম বাস টিকিট শেষ, কাউন্টারে হতাশ যাত্রীরা

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

bus
ফাইল ছবি

ঈদযাত্রাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই উত্তরবঙ্গগামী অধিকাংশ বাসের টিকিট শেষ হয়ে গেছে। ফলে অনলাইনে টিকিট না পেয়ে অনেক যাত্রী বাস কাউন্টারে এসে টিকিটের খোঁজ করলেও তা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। 

কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এখন কাউন্টারে তেমন টিকিট নেই; তবে নতুন করে বাস যুক্ত হলে আবার টিকিট পাওয়া যেতে পারে।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) সরেজমিনে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কয়েকটি বাস কাউন্টার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

কয়েকটি কাউন্টার ঘুরে দেখা যায়, রংপুর, নওগাঁ, রাজশাহী, বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার টিকিট কাটতে চাইলেও তা পাওয়া যাচ্ছে না। অনেক যাত্রী অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তবে বেশিরভাগ কাউন্টারই তুলনামূলক ফাঁকা দেখা গেছে।

ঈদের ছুটিতে নাটোরে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে যাবেন রহিম। অনলাইনে টিকিট কাটতে এসে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আরে ভাই প্রতি বছরই এমন হয়। কাউন্টার থেকে বলে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে কাউন্টারে কোনো টিকিট নাই। কিন্তু বেশি টাকা দিলে ঈদের আগের দিবে টিকিট পাওয়া যায়। এদেশে সব সম্ভব। 

রিফাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি ঈদের ছুটিতে রংপুর যাবেন। কিন্তু টিকিট কাটতে এসেও টিকিট পাননি। 


বিজ্ঞাপন


রিফাত ঢাকা মেইলকে বলেন, আমি ১৬ তারিখের টিকিট কাটতে এসেছি। কিন্তু পেলাম না। এখন ফিরে যাচ্ছি। অগ্রীম টিকিট ছাড়ার ৫ দিন শেষ না হতেই টিকিট শেষ, এতো টিকিট যায় কই?

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর বলেন, ঈদযাত্রার ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কোনো টিকিট নেই। এসি বাসে শেষের দিকে হয়তো দু-একটি টিকিট থাকতে পারে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে আগের মতো ভিড় হয় না।

তিনি আরও বলেন, ঈদযাত্রার জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে সবাই ভালোভাবে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে।

যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে—এতে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেল সংকট হবে না এবং এর কোনো প্রভাবও পড়বে না।

সোহাগ পরিবহনের এক কাউন্টার মাস্টার বলেন, আগে এ সময় আমরা দম ফেলার সময় পেতাম না। এখন অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে তেমন ভিড় থাকে না। তবে বাস কাউন্টারগুলো জমজমাট হবে আগামী ১৬ মার্চ থেকে।

নাম প্রকাশ না করার শর্তে এক বাস কাউন্টার ম্যানেজার বলেন, টিকিট শেষ—এটা পুরোপুরি ঠিক নয়। আমরা কিছু বাস রিজার্ভ রাখি। যেদিন অতিরিক্ত চাহিদা দেখা যায়, সেদিন সেই রিজার্ভ বাসগুলোর টিকিট ছেড়ে দেওয়া হয়।

টিকিটের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি মালিক পক্ষের বিষয়। আমাদের নির্দেশনা দেওয়া হলে আমরা তা বাস্তবায়ন করব।

বাস কাউন্টারের তথ্য মতে, ঢাকা - নওগাঁ নন-এসি বাসের ভাড়া ৬৯০ টাকা এবং এসি বাসের ভাড় ১৭০০ থেকে ২০০০ টাকা। ঢাকা - গাইবান্ধা নন-এসি বাসের ভাড়া ৭৫০ টাকা আর এসি বাসের ভাড়া ১৮০০ থেকে ২০০০ টাকা। ঢাকা - রংপুর নন-এসি বাসের ভাড়া  ৮৭০ টাকা আর এসি বাসের ভাড়া ২০০০ থেকে ২৫০০ টাকা। ঢাকা - দিনাজপুর নন-এসি বাসের ভাড়া ৯২০ টাকা আর এসি বাসের ভাড়া ২৫০০ টাকা। ঢাকা - চাঁপাইনবাবগঞ্জের  নন-এসি বাসের ভাড়া ৮৩০ টাকা আর এসি বাসের ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকা।  ঢাকা - পঞ্চগড় নন-এসি বাসের ভাড়া ১২০০ টাকা। ঢাকা - নীলফামারী নন-এসি বাসের ভাড়া ১০৫০ টাকা। ঢাকা - কুড়িগ্রাম নন-এসি বাসের ভাড়া-১০৬০ টাকা।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর