আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অংশ হিসেবে দলটির নেতা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করায় তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে মামলা করে পুলিশ। যাঁদের নামে মামলা হয়েছে, তাঁরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা–নেত্রী বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. কামরুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি ঢাকা মেইলকে বলেন, গতকাল শনিবার তিনজনকে আটক করা হয়েছিল। তাঁদের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ডাকসুর নির্বাচনে ৬৮ ভোট পাওয়া প্রার্থী ইমি এবং সাবেক ছাত্রলীগ নেতা আসিফও রয়েছেন।
জানা গেছে, শনিবার দুপুরে রাজধানীর চানখারপুল এলাকায় দুটি বক্স ভাড়া করে ৭ মার্চের ভাষণ প্রচার করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ সৈকত। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে আটক করে। এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে একটি রিকশায় মাইক বেঁধে ৭ মার্চের ভাষণ বাজাতে শুরু করেন শেখ তাসনিম আফরোজ ইমি।
ইমি ছাত্রলীগ সমর্থিত টিএসসি–ভিত্তিক সংগঠন ‘স্লোগান ’৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক। খবর পেয়ে ঢাবির শিক্ষার্থীরা সেখানে ছুটে যান এবং তাঁকে তা বন্ধ করতে বলেন। এ নিয়ে তাঁদের সঙ্গে ইমির তর্ক বাধে। পরে তাঁর সঙ্গে যোগ দেন কয়েকজন বাম ছাত্রনেতা ও সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এমআইকে/এআর

