রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৬:১৭ এএম

শেয়ার করুন:

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) বিকাল ৫টায় ফজলুল হক মুসলিম হল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাস্তবায়নে ছিল ফজলুল হক মুসলিম হল সংসদ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি, লন্ডন-এর চেয়ারম্যান হাফিজ মুনির উদ্দিন আহমেদ এবং ড. জুবায়ের মোহাম্মদ এহসান হক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের চেয়ারম্যান।


বিজ্ঞাপন


মো. ইকবাল হায়দার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা; ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এছাড়াও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসান ও এজিএস মহসিন সাফি-সহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর জন্য এ দিনের শিক্ষা ও প্রেরণার কথা উল্লেখ করেন।

হাফিজ মুনির উদ্দিন আহমেদ তার বক্তব্যে পবিত্র কুরআনের মহত্ব এবং মানুষের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কুরআনের আলো মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিজ্ঞাপন


ড. জুবায়ের মোহাম্মদ এহসান হক বলেন, বদরের চেতনা থেকে প্রেরণা নিয়ে মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, তবে উম্মাহর মুক্তি ও উন্নতি নিশ্চিত করা সম্ভব।

এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, বদর দিবসকে কোনো নির্দিষ্ট দলের ট্যাগ দিয়ে সংকীর্ণ করার চেষ্টা ইতিহাসের সঠিক উপলব্ধির পরিপন্থী। বদর কোনো গোষ্ঠীর একক সম্পত্তি নয়; এটি প্রতিটি ঈমানদারের বিজয়ের স্মারক।

তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার খাতিরে যারা বদরের মতো পবিত্র ইতিহাস নিয়ে বিদ্রূপ করে, তাদের এই মানসিকতা নিন্দনীয়। ইসলামের বিজয়গাথা নিয়ে উপহাস করা মূলত ঈমানি দুর্বলতার বহিঃপ্রকাশ। বদরের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলিম উম্মাহ নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আল কোরআন একাডেমি, লন্ডন-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দেওয়া হয়। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

টিএই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর