মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রবাসীদের সহায়তা দিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো প্রবাসী ভিসা-সংক্রান্ত সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বাংলাদেশিদের বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে কেউ নিহত হলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুদ্ধ চলমান দেশগুলোতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসগুলো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।
সিলেটে ছিনতাই বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সিলেটে এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
এর আগে হোলি উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।
এআর

