পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)। বিশ্বের বহু নামদামি লেখকই তাঁর জীবনী লিখেছেন। এবার সহজ ভাষায় বিশ্বনবীর (স.) জীবনী মানুষের সামনে তুলে ধরতে চান সাবেক অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমনই ইচ্ছার কথা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক।
বিজ্ঞাপন
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে ফিরে আসার পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবীর (সা.) জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।
তিনি বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্ম নেয় সহজ ভাষায় মহানবীর (সা.) জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার। যেখানে শুধু ধর্মীয় দিক নয়, মানুষের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরার চেষ্টা থাকবে।
তবে আসিফ নজরুল স্বীকার করেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন।
সাবেক আইন উপদেষ্টা জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।
বিজ্ঞাপন
তবে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহর রহমতে এখন আবার পুরনো সেই ইচ্ছা মনে জাগ্রত হচ্ছে এবং ইনশাআল্লাহ তিনি কাজটি শুরু করবেন। এ জন্য সবার দোয়া কামনা করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। সে সরকারে ঢাবি শিক্ষক আসিফ নজরুল আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। শেষ দিকে কিছুদিন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলান।
অবশেষে গত ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সে সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ সকল উপদেষ্টা।
এএইচ

