মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়িয়ে জনগণের মধ্যে ভীতি তৈরির কোনো সুযোগ দেওয়া উচিত নয়।
শনিবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে ঘিরে দেশে জ্বালানি তেল নিয়ে নানা ধরনের গুজব ও উদ্বেগ তৈরি হচ্ছে। কিন্তু এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো অসাধু ব্যবসায়ী চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসি ও পেট্রোবাংলার কিছু ভুল বা অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেও জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনা করা জরুরি।
তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে দেশের অভ্যন্তরে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। এ কারণে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি বা গুজব ছড়িয়ে জনগণের মধ্যে ভীতি তৈরি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, জ্বালানি সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে কোনোভাবেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
বিজ্ঞাপন
দেশের জ্বালানি নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় সকল মহলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এমআর/এফএ

