সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীন দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা তুলে ধরেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ভূমিকাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের প্রাচীন সভ্যতার মধ্যে পারস্পরিক সাদৃশ্য রয়েছে। চীনের সাংস্কৃতিক সহযোগিতাকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হবে।
তিনি দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সহযোগিতা কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কলার পারস্পরিক বিনিময় ও প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর মত প্রকাশ করেন।

সাক্ষাতে উভয়পক্ষ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেন। ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময়, শিল্পকলা প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব এবং যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএইচ/এফএ

