বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জোরালো প্রতিরোধের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদারের দাবি
- প্রতীকী ছবি।

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে ভয়েস অব লইয়ার্স ট্রাস্ট। সংগঠনটি বলেছে, নরসিংদী, সীতাকুন্ডসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো সমাজে আতঙ্ক তৈরি করেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশংসা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ এসব দাবি জানান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আইন অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে, যাতে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা যায়।


বিজ্ঞাপন


তিনি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি সম্পর্কে প্রচারণা বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে নারী নির্যাতনের ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্কুল পর্যায়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারি হেল্প লাইন নম্বর সম্পর্কে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ ও প্রতিকার কমিটি গঠন এবং কার্যকর করার আহ্বান জানানো হয়।

এছাড়া নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তদারকির জন্য মনিটরিং সেলের তথ্য অনলাইনে প্রকাশের দাবি জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, দেশে যেকোনো মূল্যে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।


বিজ্ঞাপন


এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর