দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দুদক কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন থাকলেও বিদায়ী কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘কোনো চাপের কারণে পদত্যাগ করিনি।’
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর আলি আকবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
দুদকের বিদায়ী এই কমিশনার বলেন, আমরা আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। ভালোভাবেই কাজ করেছি। নতুন দায়িত্বে যারা আসবেন তাদের জন্য শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন।
২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবদুল মোমেন চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
২০২৪ সালের ১০ ডিসেম্বর আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে দুর্নীতিবিরোধী সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ দেওয়া হয়।
বিইউ/ক.ম

