অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি (ডিপিএস) মোহাম্মদ আবুল কালাম আজাদ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনিযুক্ত প্রেস উইংয়ের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান এবং নিজের অভিজ্ঞতার আলোকে নতুন টিমের জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি মনেপ্রাণে আশা করি, আপনারা আপনাদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের জন্য কাজ করবেন।’
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেস উইং একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে, যা তাদের কাজের জন্য একটি বড় বিশেষ সুবিধা।
নিজের দায়িত্ব পালনের সময়কার কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আমাদের অত্যন্ত প্রতিকূল ও বিশৃঙ্খল সময়ে দায়িত্ব নিতে হয়েছিল। সেখানে জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু সুশৃঙ্খল কর্মপরিবেশ ছিল নামমাত্র।’
তিনি আরও জানান, তাদের প্রতিদিন নতুন নতুন সংকটের মুখোমুখি হতে হয়েছে এবং অত্যন্ত সীমিত শুভাকাঙ্ক্ষী নিয়ে সব দিক সামলাতে হয়েছে।
বিজ্ঞাপন
সাবেক এই ডিপিএস তার পোস্টে পরিকল্পিত অপপ্রচারের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিদেশ থেকে পরিচালিত পরিকল্পিত অপপ্রচার আমাদের কাজকে চরম চ্যালেঞ্জিং করে তুলেছিল। আমাদের বক্তব্য তুলে ধরার মতো পর্যাপ্ত মাধ্যম না থাকায়, বিগত স্বৈরশাসনের অনুসারীদের ছড়িয়ে দেওয়া মিথ্যা বয়ানের বিরুদ্ধে আমাদের প্রতিদিন লড়াই করতে হয়েছে।’
বর্তমান রাজনৈতিক পরিবেশকে 'স্থিতিশীল' উল্লেখ করে তিনি আশাপ্রকাশ করেন যে, নতুন প্রেস উইং তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে অবশিষ্ট চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে। সবশেষে তিনি নবনিযুক্ত সদস্যদের সাফল্য কামনা করেন।
প্রতিনিধি/একেবি

