শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ ও শেরপুর-৩: পৃথক ব্যাংক হিসাব ছাড়া নির্বাচনি ব্যয় নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

Election Commission
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের নির্বাচনি ব্যয় ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যক্তিগত ব্যয় ছাড়া নির্বাচনের সব ধরনের খরচ তফসিলি ব্যাংকে খোলা পৃথক হিসাবের মাধ্যমে পরিচালনা করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪খ অনুসারে প্রত্যেক নির্বাচনি এজেন্টকে অথবা এজেন্ট নিয়োগ করা না হলে প্রার্থী কর্তৃক নিজে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য (ব্যক্তিগত ব্যয় ব্যতীত) তফসিলি ব্যাংকে পৃথক একাউন্ট প্রয়োজন হবে। ব্যাংক একাউন্ট হতে ব্যক্তিগত ব্যয় ছাড়া নির্বাচন সংক্রান্ত ব্যয়ের পুরো অর্থ পরিশোধ করতে হবে।

এছাড়া নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ এর বিধি ২৯ অনুসারে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী ফরম ২০ এ এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও তার বাৎসরিক আয়-ব্যয় বিবরণী ফরম-২১ মনোনয়নপত্রের সাথে দাখিল করার বিধান রয়েছে।

অন্যদিকে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী কর্তৃক জামানতের অর্থ নগদ বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ হাজার টাকা নির্বাচন কমিশনের অনুকুলে মনোনয়নপত্রের সাথে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে; অথবা একটি নির্বাচনি এলাকায় প্রার্থীর অনুকূলে একাধিক মনোনয়নপত্র দাখিল হলে সে প্রার্থীর অনুকূলে শুধু একটি মাত্র জামানত প্রদান করতে হবে। অন্য মনোনয়নপত্রের সাথে চালান/রসিদ এর সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে।

তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।


বিজ্ঞাপন


এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর