রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এক অনাড়ম্বর কিন্তু আন্তরিক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ একাধিক সাবেক উপদেষ্টা ও তাদের পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতারের কয়েকটি ছবি প্রকাশ করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ড. ফাওজুল কবির খান ও তার পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে পরদিন একটি ভাড়া বাসায় উঠবেন। সেই উপলক্ষ্যেই এই ইফতার ও সৌজন্য সমাবেশের আয়োজন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ইফতার শেষে কেক কাটছেন অধ্যাপক ইউনূসসহ অন্যরা। পুরো আয়োজনটি ছিল বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ও এক ধরনের গেট টুগেদার, যেখানে সাবেক সহকর্মীরা অনানুষ্ঠানিক পরিবেশে সময় কাটান।
বিজ্ঞাপন
ইফতার ও নৈশভোজে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
সাবেক উপদেষ্টাদের মধ্যে অংশ নেন সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. তৌহিদ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, শারমীন এস মুরশিদ, এ কে এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, বিধান রঞ্জন পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।
উল্লেখ্য, ড. ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি বাসভবন ছাড়ার আগে সহকর্মীদের নিয়ে তার এই ইফতার আয়োজনকে অনেকেই দেখছেন এক সৌজন্যমূলক বিদায়ী পর্ব হিসেবে।
এমআর/এমআই

