শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্ত করা হবে: এলজিআরডি মন্ত্রী

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্ত করা হবে: এলজিআরডি মন্ত্রী
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

পুলিশ হত্যার ঘটনাটি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনায় তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সে অনুযায়ী দ্রুত তদন্ত কার্যক্রম শুরু ও সম্পন্ন করা হবে। প্রয়োজনে তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হবে। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছিল। নতুন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি বলেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।’

তিনি বলেন, ‘যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’


বিজ্ঞাপন


ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সবসময় ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে ঋণী। তাদের সমর্থন পেয়েছি বলেই কাজ করার সুযোগ পেয়েছি। জনগণের দেওয়া আস্থার প্রতিদান দায়িত্বশীলতার সঙ্গে দিতে চাই।’  

তিনি আরও বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং ভঙ্গুর হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কার্যক্রম চলমান রয়েছে।’

উল্লেখ্য, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনি এলাকায় এসেছেন মন্ত্রী। সফরের শুরুতেই তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি ইএসডিও’র আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। একই দিন বিকেলে জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর