খুন, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন জঘন্য অপরাধ দমনে সারাদেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত। ৩১ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধ পর্যালোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম পরিচালনা করবে। কমিটি অপরাধী ও সমাজবিরোধী ব্যক্তিদের কার্যকলাপ প্রতিরোধে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত পন্থা নির্ধারণ করবে। এছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন জঘন্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হবে।
এতে আরও বলা হয়েছে, অপরাধ দমনে জনগণকে উদ্বুদ্ধ করা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর (পুলিশ, আনসার ও ভিডিপি) সমন্বিত পদক্ষেপে সহায়তা দেওয়া, এবং সরকার ও বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করাও কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে। কমিটি স্থানীয় প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে। প্রতিমাসে অন্তত একবার সভা অনুষ্ঠিত হবে এবং পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্যসহ সভায় উপস্থিত থাকবেন।
এমএইচএইচ/এআর
বিজ্ঞাপন

