বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শিশু হত্যার বিচার দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

শিশু হত্যার বিচার দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও
শিশু হত্যার বিচার দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় এক নির্মাণাধীন ভবনের লিফটের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত সাড়ে আটটা থেকে তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ এখনো জড়িতদের গ্রেপ্তার করেনি এবং তাঁরা কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত রায় ঢাকা মেইলকে বলেন, এক শিশু গতকাল রাতে মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লোকজন থানায় এসেছেন।

রাত সাড়ে আটটার আগেই থানার সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হন। তাঁরা স্লোগান দিতে থাকেন এবং থানার ফটকে অবস্থান নেন। তাঁদের দাবি, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার একটি মেয়ে শিশু নিখোঁজ হয়। পরিবার খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাতিরঝিল থানায় অভিযোগ করে। পরে রাত ১২টার দিকে শিশুটির বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটসংলগ্ন সিঁড়ির নিচে জমে থাকা পানিতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উপুড় অবস্থায় ছিল।

এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ, ভবনটিতে নেশাসেবীদের আড্ডা ছিল। তাঁদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর সেখানে ফেলে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


এলাকাবাসীর অভিযোগ, যে ভবনের নিচে ঘটনা ঘটেছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হলেও ভবনের মালিক তা দিতে অস্বীকৃতি জানান। পরে পুলিশকে জানালেও কার্যকর সহায়তা পাওয়া যায়নি। এ ক্ষোভ থেকেই তাঁরা থানার সামনে অবস্থান নিয়েছেন।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর