বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরের সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণ করেন। তাঁরা বাহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
বিজ্ঞাপন
নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে তাকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।
বাহারুল আলম তার কর্মকালে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।
নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমআইকে/ক.ম

