বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এবার যানজটে রাষ্ট্রপতির গাড়িবহর!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

শেয়ার করুন:

এবার যানজটে রাষ্ট্রপতির গাড়িবহর!
এবার যানজটে রাষ্ট্রপতির গাড়িবহর!

গত ১২ ফেব্রুয়ারি সংখ্যারিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের পাঁচদিন পর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সড়কে চলাচলে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা মেনে চলায় যানজটে পড়ছেন তারেক রহমান। যা নানা মহলে প্রশংসিত হচ্ছে। এই আলোচনার মধ্যে এবার রাস্তা বন্ধ না করে চলতে গিয়ে যানজটে পড়ল রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের গাড়িবহর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে কারওয়ান বাজারে যানজটের মুখে পড়েন রাষ্ট্রপ্রধান।


বিজ্ঞাপন


রাব্বী সিদ্দিকী নামে একজন নিজের ফেসবুকে এমন ভিডিও পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রীর পর এবার যানজটে রাষ্ট্রপতির গাড়িবহর।

ভিডিওতে দেখা গেছে, রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকে মুখ করে সিগন্যালের সামনে আটকে আছে। সামনে থাকা মোটরসাইকেলে ট্রাফিক পুলিশের দুজন সদস্য সিগন্যালে দায়িত্বরত দুজন পুলিশ সদস্যর সঙ্গে কথা বলছেন। বহরের পেছনে বাস ও অন্যান্য যানবাহন আটকে আছে। 

দেখা যায়, কিছু সময় পর ছেড়ে দেয়া হয় সিগন্যাল। পরে অন্য গাড়ির মতো পার হয়ে যায় পতাকাবাহী রাষ্ট্রপতির গাড়ি বহর। তবে অন্য সময় অনেক বেশি গাড়ি থাকলেও ভিডিওতে অনেক কম গাড়ি দেখা গেছে বহরে।

এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বেশিরভাগ দিনই যানজটে আটকে থাকতে দেখা গেছে। অনেকে সিগন্যালে দাঁড়িয়ে গাড়ির সামনের আসনে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তুলছেন। তবে রাষ্ট্রপতির গাড়িবহরের পাশে সেভাবে কাউকে দেখা যায়নি।


বিজ্ঞাপন


পরে রাষ্ট্রপতি বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তা পুরো ফাঁকা রাখা হত। পুরো পথে পুলিশ সদস্য মোতায়েন করা থাকত। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সচিবালয়ে আসার দিন আগের অবস্থা থাকলে তিনি ওইদিনই এমনটা না করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।

শহীদদের প্রতি বিএনপি চেয়ারম্যানের পক্ষে সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জামান, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.), সিদ্দিকুর রহমান, স্কোয়াডেন লিডার (অব.) জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোট প্রধান সমন্বয়ক খন্দকার লুৎফর রহমান, রাকিন আহমেদ ভুইয়া, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর