বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এ বছর যে প্রতিপাদ্যে ভোটার দিবস পালন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

vote
ভোটার দিবস। ফাইল ছবি

আগামী ২ মার্চ ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’ প্রতিপাদ্যে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬’ উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


ইসি জানায়, নির্ধারিত এই প্রতিপাদ্যটি ভোটার দিবস উদযাপনের সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ১ মার্চ ‘বিমা দিবস’ থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।


বিজ্ঞাপন


ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬০টি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। 

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর