শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ভূমি নিয়ে সন্দেহ ও অবিশ্বাস দূর করতে হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ভূমি নিয়ে সন্দেহ ও অবিশ্বাস দূর করতে হবে: ভূমিমন্ত্রী
তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি নিয়ে সন্দেহ ও অবিশ্বাস দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আশা করি আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। 

মিজানুর রহমান মিনু বলেন, কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়।সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে। সেবাখাতে  ঘুষ দু্র্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান জিরো টলারেন্স। তিনি উল্লেখ করেন, ভূমি মন্ত্রণালয়ের সেবাকে জনমুখী ও স্বচ্ছ করতে হবে। ভূমি সংক্রান্ত অভিযোগ, আপত্তি ও আপিল নিষ্পত্তির সময় কমানোর বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আপত্তি ও আপিল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের ওপর জোর দেন তিনি।

picture

পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেবার আধুনিকায়নে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে ১৬৩তম প্রকল্প পরিচালক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র ও ভূমি অ্যাপকে আরও জনবান্ধব করার নির্দেশনা প্রদান করেন।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর