ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই কর্মসূচি পালন করছেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, ক্যাম্পাস এলাকার ভেতরে-বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘গতকাল (সোমবার) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দীন কোনো অপরাধ করেননি, তবুও তিনি হামলার শিকার হয়েছেন।’
বিজ্ঞাপন
তারা আরও বলেন, ‘রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না?
‘রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’
এদিকে একই ঘটনায় দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছিল। এর মধ্যে শুধু পোশাক বদলের কাজটি করা হয়। এটি বাদে আর কোনো পরিবর্তন তারা দেখেননি। ফলে পুলিশ আগেও যে অন্যায় আচরণ সাধারণ জনগণের সঙ্গে করত, এখনো তা অব্যাহত রেখেছে।’
এএম

