খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘আমরা আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য ভবনে খাদ্য অধিদফতরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
খাদ্যমন্ত্রী বলেন, ‘সমালোচনা করা পৃথিবীতে সহজতম কাজ, আমরা সমালোচনা বন্ধ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই। একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখে।’
তিনি বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ সরকারের কাছে দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি।’
খাদ্য অধিদফতরের পক্ষ থেকে অধিদফতরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। অধিদফতরের বর্তমান কার্যক্রম পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে মতবিনিময় সভায় আলোকপাত করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হয়, এর মধ্যে মাত্রাতিরিক্ত হেভি মেটালের অস্তিত্ব বিভিন্ন পরীক্ষায় পাওয়া যাচ্ছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কৃষক, খাদ্য উৎপাদন বা খাদ্যের কোয়ালিটি— এ সেক্টরগুলোকে গুরুত্ব দিয়েছেন।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মানুষকে ফুড নিয়ে যাতে কোনো চিন্তা করতে না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একদিকে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, পাশাপাশি খাদ্যের মানও নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমদানি-রফতানি থেকে শুরু করে সবগুলো কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব তাদের দিয়ে করানো যাবে। তখন তারা ইউএসএফডিএ’র সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তাদের দেওয়া সার্টিফিকেট বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। আমাদের মূল টার্গেট চালের পাশাপাশি অন্যান্য ফুডও রফতানি করা। এজন্য আমাদের কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা গতানুগতিক ধারার কাজের পরিবর্তে একটু ভিন্নতা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। আমি সত্যি মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যেহেতু এখানে সময় দেব, তাই এটাকে অবশ্যই অর্থবহ করতে হবে। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই।’
তিনি খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সমস্যা থাকবে, এর সমাধানও আছে। আপনারা অভিজ্ঞ মানুষ, আপনারা শুধু সমস্যার কথা বলবেন না, পাশাপাশি সম্ভাব্য সমাধানের কথাও বলবেন। আমরা সবাইকে নিয়ে সমস্যার সমাধান করব। আমরা একটি সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চাই।’
সবার প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবাই মানুষের জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সিস্টেম দেখে আমাদের মনে রাখে। আমরা সবসময় টেকসই সমাধানের জন্য কাজ করব।’
মতবিনিময় সভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকার, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তাসহ ভেজালমুক্ত খাদ্যের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ কাজের জন্য খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের সহযোগিতা চান।
এএইচ

