বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খাল খননে তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে মন্ত্রীর নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

খাল খননে তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে মন্ত্রীর নির্দেশনা

সারাদেশে খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে হবে। দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় এমন নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী । 
 
সভায় আরও ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। 
 
সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খান খনন কর্মসূচি দিয়ে মহা বিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। 
 
প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন বাস্তাবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। চলতি অর্থবছর এবং আগামী বছরগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কী কাজ করবে তার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি। 
 
আগামী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 
 
বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর