সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দায়িত্ব পালনকালে তিনটি মন্ত্রণালয়ে উত্তরসূরিদের জন্য বিস্তারিত বার্তা রেখে এসেছি। সেখানে কাজের সূচনা, অগ্রগতি, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে জবাবদিহি তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, এখনও সাংবাদিকসহ বিভিন্ন মহল তার পূর্বতন দফতরের বিষয় ও সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে মন্তব্য জানতে চান। তবে নতুন সরকারের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করা তার পক্ষে সমীচীন নয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
নতুন সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে ড. খান বলেন, নবনির্বাচিত সরকার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত। আর তার কার্যকালের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দফতরের বর্তমান দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, তার দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা ও কাজের সারসংক্ষেপ রেখে যাওয়ার পাশাপাশি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত পুস্তিকাও প্রকাশ করেছে।
সরকারের সমালোচনার প্রশ্নে সাবেক এই উপদেষ্টা বলেন, এ দায়িত্ব বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভার। আমাদের তো কোনো দল নেই, তাই এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই।
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যে দলই নির্বাচিত হোক না কেন, জাতি হিসেবে সবার উচিত সরকারের পাশে দাঁড়ানো।
বিজ্ঞাপন
ভালো ফল পেতে সরকারকে সময় দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো সরকারই ‘জাদুর চেরাগ’ নিয়ে আসে না, বিশেষ করে অবকাঠামো খাতের প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বল্প মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই নতুন সরকারকে ধৈর্য নিয়ে সময় দেওয়ার আহ্বান জানাই।
এমআর/এফএ

