পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষককে ‘স্মার্ট কৃষক কার্ড’ দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। শিগগিরই ফ্যামিলি কার্ডের আদলে এই কার্ড চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কিন্তু এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন কৃষকরা?
বিজ্ঞাপন
এ সম্পর্কে তথ্যমন্ত্রী জানান, স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা এই কার্ডের আওতায় থাকবে।
এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে। কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতিও সহজলভ্য করা হবে এই কার্ডের মাধ্যমে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তথ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের আদলে দেশের সকল কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।’
তিনি বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘দেশের সকল কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারাদেশে এটি বাস্তবায়ন করা হবে।’
এএইচ

