রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেট চেকপোস্ট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ আলম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
শাহ আলম যাত্রাবাড়ী থানায় কর্মরত। ঘটনার পর সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
আহত কনস্টেবল শাহ আলম জানান, ঘটনার সময় তিনি কুতুবখালী পকেট গেট এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় দুজন অজ্ঞাত ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে সেখানে আসেন। তিনি ব্যাগ দুটি তল্লাশি করতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
বিজ্ঞাপন
তিনি জানান, বিকেল ৫টার দিকে ঘাড়ে রক্তাক্ত জখম অবস্থায় যাত্রাবাড়ী থেকে এক পুলিশ সদস্যকে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
একেএস/এএইচ

