প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে সরকারের ব্যর্থতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ‘এখানে কোন যদি, বা কিন্তু নাই।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ফাউজুল কবির খান বলেন, ‘গত বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নাই।’
তিনি আরও বলেন, ‘প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক হলেও এ ধরনের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থীদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল। কিন্তু সংবাদপত্রটি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অমার্জনীয়। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবেনা।
সাবেক এ উপদেষ্টা বলেন, ‘আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো, “কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।” এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীদের সাথে। তাদের অভিযোগ শুনতে ও বুঝতে হবে। অভিযোগ আছে, আমাদের দেশে “ইসলামপন্থীদের/উগ্রবাদীদের” উপর অমার্জনীয় নৃশংসতা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগ আছে এ দেশের প্রগতিশীলরা এর সম্মতি উৎপাদন করেছে। সাংবাদিক শফিক রহমান তো বলেই ফেলেছেন, সেদিন সংগ্রাম ও নয়া দিগন্ত আক্রান্ত হওয়ার প্রতিবাদ হলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না। মতভিন্নতা থাকুক, সাথে থাকুক পরমতসহিষ্ণুতা ও সংলাপ।
আরও পড়ুন: রমজানের শুরুতেই মাছ-মাংসের দামে আগুন
শেষে তিনি বলেন, আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।
এম/এমআই

