রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি পদ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নিয়ে প্রশাসনিক অঙ্গনে চলছে জোর আলোচনা। সরকারের উচ্চপর্যায়ে শিগগিরই এ দুই পদে পরিবর্তন আসতে পারে, এমন গুঞ্জনে পুলিশ বাহিনীর ভেতরে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ দুটি পদ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে, এ দুটি পদ ছাড়াও, র্যাবের ডিজি, এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সিআইডি প্রধান পদেও পরিবর্তন আসতে পারে। এই ছয়টি পদের মধ্যে প্রথম চারটিতে সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাদের চুক্তি বাতিল করা হতে পারে।
পুলিশ সদর দফতর থেকে জানা যায়, বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে ২০২৪ সালে ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি অনুযায়ী তার আরও প্রায় ৯ মাস মেয়াদ রয়েছে। এ ছাড়াও,বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর। পাশাপাশি, র্যাবের মহাপরিচালক পদে শহিদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১৫ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া এসব কর্মকর্তাদের চুক্তি বাড়ানো নিয়ে যেমন কোনো আলোচনা নেই। তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়েও কোনো গুঞ্জন না থাকায় নতুন করে আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন অনেকে।
পুলিশসহ নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায়, নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
এ ছাড়াও, দেশের অন্যতম কেন্দ্রবিন্দু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার পদে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম নতুন ডিএমপি কমিশনার পদে আলোচনায় রয়েছে।
তবে, পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, নতুন করে আইজিপি হওয়ার আলোচনায় রয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ। এ ছাড়াও, ২০২২ সালে অবসরে যাওয়া পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর, গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান।
বিডিআর বিদ্রোহ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যু ঘিরে বিতর্ক রয়েছে বাহারুল আলমকে নিয়ে। পিন্টুর পরিবারসহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর হত্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়। বাহারুল আলমের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আন্দোলন করে ‘পিন্টু স্মৃতি সংঘ’।
এদিকে, আইজিপি বাহারুল আলম এর এক ক্ষুদে বার্তা নিয়ে তার বিদায়ের গুঞ্জন আরও জোরালো হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইজিপি সিনিয়র কর্মকর্তাদের ইংরেজিতে লেখা একটি খুদে বার্তা দেন। ওই বার্তায় বলা হয়, ‘আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই, ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ, এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’ খুদে বার্তায় আরও বলা হয়, ‘গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। বাহারুল আলম, আইজিপি।’
একেএস/এফএ

