বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আইনশৃঙ্খলার উন্নতিসহ ৩ বিষয়ে অগ্রাধিকার নতুন সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলার উন্নতিসহ ৩ বিষয়ে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের কাজ ‍শুরু
প্রথম কেবিনেট বৈঠকে ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমস্যা না হওয়া—এসব বিষয়কে প্রাথমিক অগ্রাধিকার হিসেবে নতুন সরকার কাজ শুরু করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


প্রথম কেবিনেট বৈঠকে ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী সরকারের সচিব এবং সব কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগের দিন মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এছাড়া ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সচিবালয়ে পৌঁছে বৈঠক শুরু করেন।


বিজ্ঞাপন


বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করা হলো প্রথামাফিক। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মন্ত্রী ও উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন। ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হবে, যা পরে প্রকাশ করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, অগ্রাধিকার হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে কোনো সমস্যা না হওয়া নিশ্চিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা—বিশেষ করে তারাবিহ ও ইফতারের সময়—মূল অগ্রাধিকার হিসেবে রয়েছে।

এই অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা দুই-এক দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীকে উপস্থাপন করবেন এবং পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সচিবদের সঙ্গে আলাপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে রায় দিয়েছেন। তাই সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিকভাবে কাজ করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ কার সঙ্গে যুক্ত, তা দেখা হবে না। সবাইকে মেধার ভিত্তিতে যাচাই করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, জনগণ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বিবেচনা করে ভোট দিয়েছেন। সেই ইশতেহার অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে সব সচিবের মেধা ও পেশাদারিত্ব কাজে লাগানো দেশের জন্য লাভজনক হবে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর