বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘নির্বাচনে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

DMP
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী

পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠায় সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। আর এই নির্বাচনের মধ্যে দিয়ে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও মনে করছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’

এসময় আগামী দিনগুলোতে পুলিশের ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশও দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন রমজান উপলক্ষে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন। এসময় তিনি রজমান মাসে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বই মেলার মত বড় অনুষ্ঠান রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি, ছিনতাই যাতে কোন ভাবেই সংঘটিত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদেরকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর