নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ আমন্ত্রণে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তিনি মালে ত্যাগ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মুইজ্জু ঢাকার উদ্দেশে বিমানে রওনা হন। নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করতে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করাই এই সফরের প্রধান লক্ষ্য। দক্ষিণ এশীয় রাজনীতিতে নতুন মেরুকরণের এই সময়ে মুইজ্জুর সফর উভয় দেশের কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
এজেড

