মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

ncp
প্রধান উপদেষ্টাকে পাশে রেখে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

বিএনপি-জামায়াতসহ অন্যান্য দল নির্বাচনের আগে স্বাক্ষর করলেও জুলাই জাতীয় সনদে নতুন সরকার গঠনের একদিন আগে স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন


এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।

12

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে, তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলো শুভ হোক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব।

তিনি বলেন, জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।

এসময় এনসিপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর