নতুন সরকার গঠনের প্রাক্কালে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব নাসিমুল গনি। দায়িত্ব দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করব।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন দায়িত্ব নিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে প্রশাসনের সর্বোচ্চ এই পদে দায়িত্ব পেলেন তিনি।
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং একই বছরের ২৩ ডিসেম্বর সেখানে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।
বিজ্ঞাপন
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি মেধাতালিকায় ষষ্ঠ ছিলেন। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে অবসর দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্ন ছিল— সুষ্ঠু নির্বাচন করার কারণে তাকে ‘উপহার’ হিসেবে এই পদ দেওয়া হয়েছে কি না? জবাবে তিনি বলেছেন মন্তব্য নেই।
বর্তমান সময়ে দায়িত্ব নেওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরে সংস্কার সংক্রান্ত শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে ক্যাবিনেট ডিভিশন উঠেপড়ে লেগেছে।’
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম কবে প্রকাশ করা হবে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নির্ভর করবে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। আমরা প্রস্তুতি নিচ্ছি। যখন নির্দেশনা আসবে, তখনই নামগুলো জানানো হবে।’
মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। কতজনের মন্ত্রিসভা হবে, সেটা রাজনৈতিক নেতৃত্বই ভালো জানেন। আমাদের প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে হয়। গাড়ি, দেহরক্ষী, বাসভবন, নিরাপত্তা, দফতর অবহিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয় দেখতে হয়।
সরকার প্রস্তুত কি না— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেল করে না।’
বিইউ/এফএ

