> বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাতে জামায়াত ও এনসিপির নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।
> আগামী ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন। ওইদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে । এরপর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
> বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ।
> নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সংঘাত ও সহিংসতার ঘটনায় তিন জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
> নির্বাচনে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
> ঢাকা-৮ আসনে অনিয়মের দাবিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ পত্রে বলেছেন, ভোট পুনঃগণনা না হওয়া পর্যন্ত যেন ওই আসনের শপথ পাঠ না করানো হয়।
> রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
> প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার পদত্যাগ এবং দেশ ছাড়ার কারণ হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই রকম ব্যাখ্যা দিয়েছেন।
/এএস




