সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের পেশাগত দক্ষতা ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন।
বিজ্ঞাপন
পোস্টে প্রেস সচিব লেখেন, মন্ত্রিপরিষদ সচিবের পদটি সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ দায়িত্ব হলেও সাম্প্রতিক বছরগুলোতে পৃষ্ঠপোষকতা ও দলীয় আনুগত্যের কারণে এ দপ্তরের মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রেক্ষাপটে শেখ আবদুর রশিদকে তিনি ‘বিরল ব্যতিক্রম’ হিসেবে উল্লেখ করেন।
শফিকুল আলম জানান, শেখ আবদুর রশিদের সঙ্গে ১৪ মাস ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতায় তিনি ক্যাবিনেট সভা পরিচালনায় তার নিখুঁত পেশাদারত্ব প্রত্যক্ষ করেছেন।
দায়িত্বকালীন সময়ে অন্তর্বর্তী সরকার শতাধিক অধ্যাদেশ অনুমোদন করেছে উল্লেখ করে তিনি বলেন, অনুমোদন প্রক্রিয়া দক্ষতা ও সততার সঙ্গে এগিয়ে নিতে শেখ আবদুর রশিদ তার শক্তি, প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতা নিবেদন করেছেন।
পোস্টে দেশের আইন ও নীতিগত কাঠামোর ওপর শেখ আবদুর রশিদের অসাধারণ দখলের কথাও তুলে ধরেন তিনি। প্রশাসনে আস্থার সংকটের সময়ে দায়িত্ব নিয়ে তিনি নির্বিঘ্ন রূপান্তর নিশ্চিত করেছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানে আস্থা পুনর্গঠনে সহায়তা করেছেন বলেও উল্লেখ করেন প্রেস সচিব।
বিজ্ঞাপন
ব্যক্তিত্বের দিক থেকেও শেখ আবদুর রশিদকে ‘পরিপূর্ণ ভদ্রলোক’ হিসেবে বর্ণনা করে শফিকুল আলম আশা প্রকাশ করেন, ‘ওএসডিনামা’-এর সাফল্যের পর সাম্প্রতিক দায়িত্বকালীন অভিজ্ঞতা নিয়ে তিনি শিগগির আরেকটি বই লিখবেন।
স্ট্যাটাসের শেষে শফিকুল আলম তাকে এত কাছ থেকে জানার সুযোগ পাওয়াকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।
/এএস

