মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রস্তুত হচ্ছে সংসদ সদস্যদের আবাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

প্রস্তুত হচ্ছে সংসদ সদস্যদের আবাসন

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের জন্য শপথ অনুষ্ঠানের পাশাপাশি তাঁদের বাসস্থান ‘সংসদ সদস্য ভবন’ (এমপি হোস্টেল) ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বিভিন্ন ভবনের ভেতরের বাসাগুলো রং করে নতুনত্ব আনা হচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সংসদ সদস্য ভবন (ন্যাম) ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

২৪ এর গণ-অভ্যুত্থানের পর অযত্ন ও অবহেলায় পড়ে থাকা এই ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কারকাজ প্রায় শেষের পথে। শপথগ্রহণ অনুষ্ঠানের পর সরকারি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সংসদ সদস্যদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার কাজ শুরু হবে।

‎গণ-অভ্যুত্থানের পর সংসদ এলাকায় স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের ভিআইপি বাসভবনসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বাড়িগুলোতে ভাঙচুর-লুটপাট হয়। ভাঙচুর চালানো হয় এমপি হোস্টেলগুলো। এরপর থেকে একসময় সংসদ সদস্যদের বাসভবনগুলো অবহেলায় পড়ে ছিল। গত বছরের শেষ দিকে ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

‎সংসদ সদস্যদের বাসভবনের (ন্যাম) ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কাশেম। তিনি বলেন, আমি ন্যাম ভবনের ৪, ৫ ও ৬ নম্বর গেইটে নিরাপত্তার দায়িত্ব পালন করছি। শুধুমাত্র কাজ করার শ্রমিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 


বিজ্ঞাপন


এই পুলিশ কর্মকর্তা জানান, গত কয়েক দিন যাবৎ ন্যাম ভবনে সংস্কার কাজ চলছে। বিভিন্ন ভবনগুলোর ভেতরে পরিস্কার পরিচ্ছন্নতা শেষে রংয়ের কাজ চলছে। সব কাজ শেষ করতে হয়তো আরও ৬-৭ দিন লেগে যাবে। ন্যাম ভবনের ফটকগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের বলা হয়েছে। যারা নতুন সংসদ সদস্য হবেন তাদের পরিবারের সদস্যরা এখানে বসবাস করবেন। 

‎এদিকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ বলেন, ন্যাম ভবনে আমরা সংস্কার কাজ প্রায় শেষ করে ফেলেছি। অর্থ বরাদ্দ না দেওয়ায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে সংসদ সদস্য অফিসে এসি বসানো যাচ্ছে না। জাতীয় সংসদ ভবনসংলগ্ন স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন ছাড়াও ১২টি ভিআইপি বাংলোসহ ৭৬টি উচ্চমান বাসভবন রয়েছে। এছাড়াও এমপি হোস্টেলের সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বেশ কিছু সংস্কারকাজ সংসদ অধিবেশন শুরু হওয়ার পর করা হবে।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর