শেয়ার করুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মো. সাইফুল ইসলাম (২৫) নামের এক ভুয়া পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
রাজধানীর ঢাকা-৫ আসনের ডেমরার ডগাইর দারুচ্ছুন্নত ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রে বৃহস্পতিবার বিকালে ভিড়ের মাঝেও এক দৃশ্য আলাদা করে চোখে পড়ছিল। ধীর পায়ে এগিয়ে আসছেন এক প্রবীণ মানুষ, পাশে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে তার নাতি। বয়স ৭৭, নাম রবিউল আলম। ভোট দিতে এসেছেন, কিন্তু তার চোখেমুখে ছিল শুধুই দায়িত্ববোধ নয়, এক ধরনের নিঃশব্দ আবেগও।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের যে আগ্রহ ও উচ্ছ্বাস, সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা জানান।
পাটওয়ারী বলেছেন, এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮ এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে৷ সাড়ে চারটা পর্যন্ত নিজেদের জনপ্রতিনিধি বেছে নেয়া ও গণভোটে হ্যাঁ বা না ভোট দেয়ার সুযোগ পেয়েছেন ভোটাররা৷
নির্বাচন কমিশনের দেয়া সবশেষ হিসাবে দুপুর ২ টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল ৪৮ শতাংশ৷
ভোটগ্রহণের শেষ সময় ঘনিয়ে এলেও রাজধানীর দনিয়া কলেজের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। দিনজুড়ে ভোটার আসা–যাওয়ায় কিছুটা গতি থাকলেও শেষ পর্যন্ত উপস্থিতির হার তুলনামূলক কমই ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিকাল ৪ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের কোনো লাইন নেই। এক-দুজন করে ভোটার আসছেন।
দনিয়া কলেজের নং ৩ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুমন সরকার জানান, তার কেন্দ্রে মোট ভোটের ৪৩ শতাংশ কাস্ট হয়েছে। তিনি বলেন, সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলেছে। দুপুরের পর কিছুটা ভিড় বাড়লেও শেষ সময় পর্যন্ত তা উল্লেখযোগ্যভাবে বাড়েনি।
ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী এস এম নেয়ামুল করিম। তিনি বলেন, ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, আশা করছি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। ভোটারদের উপস্থিতি ও আগ্রহ সন্তোষজনক। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।
এবার নওগাঁর নিয়ামতপুরে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার প্রমাণ মিলেছে আরেক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এরপর প্রিজাইডিং কর্মকর্তা নিয়ম লঙ্ঘনের বিষয়টি অকপটে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ঠাকুরগাঁও জেলা জুড়ে ভোটকেন্দ্রে ছিল ভিন্ন মাত্রার জনসমাগম। সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের ভোটারসহ নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠরা উৎসবমুখর পরিবেশে ভোটদানে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন কেন্দ্র ঘেঁষে দেখা গেছে, লাইনেও ছিল দীর্ঘ ভিড়, পরিবারের সদস্যরা-ও নিয়ে এসেছেন কেন্দ্রে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও।
ভোট দিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ঢাকা মেইলকে বললেন, ‘একটি সুস্থ নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল। আশা করি সেটা হচ্ছে। কোথাও কোনো অরাজকতা, হামলা, বিশৃঙ্খলা নেই। নতুন যে সরকার আসবে আশা করি সে সরকার দেশের উন্নয়নে কাজ করবে। নাগরিক অধিকারের জন্য কাজ করবে। সামনের বাংলাদেশ হবে সাম্যের ও ন্যায়বিচারের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের অধিকার ও স্বাধীনতা খুঁজে পাবে।’
ভোট চলছে এলাকায়। দলবেঁধে চা শ্রমিক ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আর এই ভোট উপলক্ষে চা-বাগানে কাজ বন্ধ, কাজে ফেরার নেই তাড়া, তাই ভোট দেয়ার জন্য রীতিমতো উৎসব করছেন চা শ্রমিক ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগান এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসময় দেখা যায়, পরিবার ও সহকর্মীদের সঙ্গে নিয়ে সারিবদ্ধভাবে কেন্দ্রে আসছেন চা-শ্রমিকরা। ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছেন। হাসিমুখে ভোট দিতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদও।
বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এবারের নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘অভূতপূর্ব মানে সত্যিই অবিশ্বাস্য। আমি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিয়েছিলাম, প্রায় ১৭ বছর আগে। এবার এত শান্তিপূর্ণ পরিবেশ, কোনো উচ্চবাচ্য নেই।’
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সামসুল হক কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘জনগণের জন্য কাজ করেছি, আজ জনগণ তার মূল্যায়ন করবে।’
সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও বিএএফ শাহিন কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর বিমানবাহিনী প্রধান বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথায়ও কোনো বিশৃঙ্খলা নেই। অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি।
ভোট রিগিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল নিয়ে আসার চেষ্টা হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মনিরা এ মন্তব্য করেন।
এনসিপি নেত্রী বলেন, ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। ভোটারদের উপস্থিতি ছিল। স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন। ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া, প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটনা- এমন খবর সারা দেশ থেকে আসছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান এই কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সারাদেশে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ সজাগ থাকলে কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করতে পারে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভেটের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিলো একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দেওয়া ছয় জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।
উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। ভোটারদের ব্যালট নিয়ে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যেই সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে দেখা যায়।
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়ে উচ্ছ্বসিত জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।
ঢাকা মেইলকে বললেন, ‘ভোট দিয়েছি। আশা করি আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ঈদের মতো পরিবেশ বিরাজ করছে। খাব ভালো লাগছে।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর এমন মন্তব্য করেন ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি রাজৈর উপজেলার স্বরমঙ্গল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্য ও সম্প্রচার, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সব চ্যালেঞ্জ, অনর্থক বিতর্ক ও প্রচারণা পেছনে ফেলে আজকে আমরা ভোটের দিনে চলে এসেছি। জনগণ আজ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
এ সময় দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য দেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। প্রথমবার ভোট দিয়ে আনন্দিত জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। জানালেন আর কিছুদিন পর ভোট হলে তার কন্যা রোদেলাও ভোটার হতো।
ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমকে ন্যান্সি বলেন, ‘ঢাকা থেকে এসে ভোট দেওয়া। একদমই কষ্ট মনে হচ্ছে না। স্বার্থক লাগছে। একইসঙ্গে এটা দুঃখেরও। কেননা এটা আমার প্রথম ভোট। এর আগে যখন ভোটার হই সে বছর অসুস্থ ছিলাম কিংবা কোনো এক কারণে দিতে পারিনি। তারপর যে কয়বার ভোট হয়েছে সেগুলো আধারের ভোট ছিল। ২০১৮ সালে চেষ্টা করেছিলাম ভোট দেওয়ার। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা। ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না।’
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষের উভয় পক্ষের ১০ আহত হয়েছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৬ জন এবং বিএনপির ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।
কুষ্টিয়ার মিরপুরে ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপার নির্ধারিত বাক্সে না ফেলে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহিন মালিথা (২৮)। তিনি মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি।
তারেক রহমান লেখেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।’
তিনি লেখেন, ‘আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বয়স বা অসুস্থতাকে বাধা হতে দেননি নীলফামারীর প্রবীণ বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৭৫)। হুইলচেয়ারে করেই তিনি ভোট দিতে যান নীলফামারী পুলিশ লাইনের ভোটকেন্দ্রে। নাগরিক অধিকার প্রয়োগে তার এই উপস্থিতি নির্বাচনের দিনে মানবিক এক বার্তা ছড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রের মতো পুলিশ লাইন কেন্দ্রেও ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই পরিবারের সহায়তায় কেন্দ্রে পৌঁছান রফিকুল ইসলাম। বয়সের ভার ও অসুস্থতা সত্ত্বেও নাগরিক দায়িত্ব পালনে তার এই উপস্থিতি অন্য ভোটারদের মধ্যেও অনুপ্রেরণা জুগিয়েছে।
ভোট দিতে আসা ভোটারদেরকে কেন্দ্রের বাইরে ভোটারদের গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’
উত্তরের জনপদ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের সরব উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।
বগুড়া-৬ (সদর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদ ইবনে আবুল ফজল নিশ্চিত করেছেন যে, দুপুর ২টা পর্যন্ত এই আসনে ৫৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। এই আসনের মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে এরই মধ্যে ভোট দিয়েছেন বড় একটি অংশ।
ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানা এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি কর্মীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এবি পার্টি ফেনী শাখার মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজী জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে বিএনপি কর্মীরা বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে এবং এক পর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে। পরে ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে তালহা নামে একজন ঈগল সমর্থককে বেদম মারধর করে বিএনপি কর্মীরা।
ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় দীর্ঘ ১৬ বছর ভোট দেননি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি কামাল মিয়া। অনেকটা ক্ষোভ থেকে ভোট উৎসব থেকে দূরে সরে ছিলেন দুই পা হারানো এই ব্যক্তি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তিনি যেন ফিরে পেলেন ভোট দেওয়ার শক্তি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তপ্ত রোদের মধ্যে উত্তর লস্কর চালা প্রাথমিক বিদ্যালয়ে অনেকটা হামাগুড়ি দিয়ে ভোট দিতে আসেন ৭০ বছরের বয়োজ্যেষ্ঠ কামাল মিয়া। কালিয়াকৈর উপজেলার মধ্য পাড়া ইউনিয়নের রায়ের চালা গ্রামের এই চা দোকানি বলছেন, দীর্ঘ দিন তিনি ভোট দেওয়ার পরিবেশ পাননি। আজ সুযোগ আসায় প্রতিবন্ধকতার কষ্ট সহ্য করে ভোট দিতে এসেছেন তিনি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই জিএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরিহিত এক নারীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক, ৩ বছরের কারাদণ্ড
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়ার পর পরিষ্কার করে আজ পরিধান করে ওই কেন্দ্রে যায় ওই নারী।
ঢাকা-৫ আসনের ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৪ নম্বর ভোটকেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেইলকে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান।
কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক নারী ভোটার পরিচয়ে ভোট দেন। পরে প্রকৃত ভোটার উপস্থিত হলে বিষয়টি ধরা পড়ে।
প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি জাল ভোট পড়েছে। প্রকৃত ভোটার আসার পর বিষয়টি জানতে পারি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রকৃত ভোটারের ভোট গ্রহণ করে তা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে।’
বরিশাল জেলার ছয়টি আসনে দুপুর ১২টা পর্যন্ত ৩১-৩৮ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সুমন।
তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ভোটার উপস্থিতিও খুবই ভালো।
এর আগে, সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া মৌলভী ফখরুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাসুদ পারভেজ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি ভঙ্গের কারণে এজেন্টের কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। সারাদেশে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
ঢাকা–১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে কেন্দ্র ত্যাগের নির্দেশ দিয়ে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন দায়িত্বরত সেনাসদস্যরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট প্রদান করেন।
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে এই অভিযোগে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামীর ‘অগ্রাধিকার’ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশে সব নাগরিক সমান এবং এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াত আমির।
ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনার কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
যশোর শহরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এক অস্বাভাবিক ঘটনায় ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রের নারী বুথ থেকে একটি অফিসিয়াল সিল চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কিছু সময় ভোটগ্রহণ কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
ভোট দেওয়ার অনুভূতি ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়ে অভিনেতা বলেন, ‘আমি ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশানের মানারত স্কুলে ভোট প্রদান করেছি। আমার ভোটটি জনাব তারেক রহমানকে দিয়েছি। আমার একবারে ডাইরেক্ট অনুভূতি এর ভেতরে কোনো ভুল নাই, চিনি নাই, কিছুই নাই। আগামীর বাংলাদেশে আমি জনাব তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি ধানের শীষে ভোট দিয়েছি খুব দারুণ লাগছে।’
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে মত জানাচ্ছেন তারা। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
‘একটি উৎসব: ঐতিহাসিক নির্বাচনে আশা নিয়ে ভোট দিচ্ছে বাংলাদেশ’— শিরোনামে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩০ বছরের কম বয়সীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ‘জেন-জি নেতৃত্বাধীন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।’
ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয় দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেওয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মো. বাইজিত মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাইজিত উপজেলার কলুংকা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের শুরু থেকেই মাদারীপুরের শিবচরের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি থাকায় বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে নারী ভোটারদের। এছাড়াও, ভোট কেন্দ্রে বয়স্ক নারী ভোটারদের উপস্থিত হতেও দেখা গেছে।
সরেজমিনে মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার মাদবরেরচর, পাঁচ্চর, দ্বিতীয়াখন্ড ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাভাবিক ভাবেই চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া নতুন ভোটারদের উপস্থিতিও ছিল ভালো। এসময় ভোট দিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে পাঁচ্চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাধিক নারীকে।
আসন্ন ত্রয়োদশ নির্বাচন পরিস্থিতি নিয়ে বেলা ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি জানান।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবে দলটি। আর বেলা দুটার দিকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ঢুকতে গেলে হেনস্তার শিকার হন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে মির্জা আব্বাস মহিলা কলেজ সেন্টারে এ হেনস্তার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি ও ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শুরুর পর থেকে এখন ৩৬৯টি বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করে তা নিয়ন্ত্রণও করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য জানায় সংস্থাটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের বলেন, বোর্ড এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু না হওয়ার মতো এখন পর্যন্ত কোনো পরিস্থিতি দেখি না। ভোটে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।
ভোটের দিন শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আবরার ফাহাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবরার ফাহাদকে, আজ এই ক্ষণজন্মা বীরের ২৮ বছর পূর্ণ হতো।
তিনি আবরার ফাহাদকে দেশের সার্বভৌমত্বের এক সাহসী কণ্ঠস্বর এবং অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের জীবন্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন। দেশের মর্যাদা রক্ষায় আবরার নিজের জীবন উৎসর্গ করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টায় আলিয়া মাদরাসা একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় তার মৃত্যুর খবরটি সামনে আসে।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। এটা গ্রহণযোগ্য না বলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তাসনিম জারা এ অভিযোগ করেছেন।
তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে।কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। কিংবা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। সকাল থেকে ছড়িয়ে ছিটিয়ে ভোটারদের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে লাইন দীর্ঘতর হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম দিকে অনেক কেন্দ্রেই উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে ১০টা থেকে ১১টার দিকে ভোটারদের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ উভয় ভোটারকেই লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ব্যস্ত সড়কে দেখা গেল ভিন্নধর্মী এক দৃশ্য। ইঞ্জিনচালিত টহল গাড়ি বা মোটরসাইকেলের পরিবর্তে সারিবদ্ধভাবে অগ্রসর হচ্ছিলেন ঘোড়সওয়ার পুলিশ সদস্যরা। লাল আচ্ছাদনে মোড়ানো ঘোড়া, তাতে পুলিশের প্রতীকচিহ্ন ও ইউনিটের নাম, মাথায় হেলমেট পরিহিত সদস্যরা—সব মিলিয়ে আয়োজনটি নগরবাসীর দৃষ্টি কাড়ে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর নিউ ইস্কাটন রোডে চার থেকে পাঁচ সদস্যের একটি অশ্বারোহী দল নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধীরগতিতে এগিয়ে যায়। ঘোড়াগুলোর পায়ে ছিল রঙিন ব্যান্ড, গায়ে লাল কাপড়ের কভার; সেখানে স্পষ্টভাবে পুলিশের মনোগ্রাম সংবলিত চিহ্ন প্রদর্শিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলা, সমন্বয় ও প্রস্তুতির ছাপ।
প্রার্থী হিসেবে প্রথমবার নিজেকে ভোট দেওয়ার পর বাসায় ফিরে গিয়ে আবার নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে কয়েকটি কেন্দ্রের আশপাশ দিয়ে যান। এসময় ভোটারদের সঙ্গে তিনি কুশল বিনিময়ও করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন মানুষের ভোটের উচ্ছ্বাস দেখতে মূলত তিনি কেন্দ্রে যাচ্ছেন। মহাখালী কড়াইল বস্তির দিকেও যাবেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস যাবত গুজব শুনতেছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নাই, কোনো শঙ্কাও নাই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা-১৭ আসনের আওতাধীন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চারটি কেন্দ্রে চার ঘণ্টায় (সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা) ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চারটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। আশা করছি ব্যাপক ভোট কাস্ট হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’
নির্বাচনে কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। দিন শেষে ভোটার উপস্থিতির হার বা ‘টার্নআউট’ সন্তোষজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন এই নির্বাচন কমিশনার। তিনি জানান, পরিদর্শিত কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামের ভোট কেন্দ্রে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ।
পোলিং অফিসারের নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের এক কেন্দ্রে গত আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৬.৫ শতাংশ। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টা পাড় হয়ে গেলেও তুলনামূলক ভোটার কেন্দ্রে আসেনি এখনো। একই প্রতিষ্ঠানে দুই কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫২৩৮।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এক সঙ্গে এসে নড়াইল সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই আতাউর রহমান বাচ্চু ও মনিরুল ইসলাম ভোট প্রদানের পর সন্তোষ প্রকাশ করেন।
সারাদেশে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে নিজের ভোট নিজ আসনে দিতে পারলেন না রংপুরের দুই হেভিওয়েট প্রার্থী জিএম কাদের ও আখতার হোসেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রতিদ্বন্দিতা করছেন রংপুর-৩ (সিটি করপোরেশন-সদর) আসনে এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
এই দুই হেভিওয়েট প্রার্থী নিজ নিজ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট দিতে পারছেন না। কারণ, দুজনই ঢাকা এলাকার তালিকাভুক্ত ভোটার।
রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন