বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটের প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটের প্রস্তুতি
কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটের প্রস্তুতি। ছবি: সংগৃহীত

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে চলছে জোরালো প্রস্তুতি। মঙ্গলবার বিকেল থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বিকেলে রাজধানীর শেরেবাংলানগর এলাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, আগামীকাল এই কেন্দ্রে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, তারা বিকেল থেকেই আসতে শুরু করেছেন। এসেছেন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। এ ছাড়া বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন।


বিজ্ঞাপন


কেউ সিসি ক্যামেরা বসাচ্ছেন, কেউ বিদ্যালয়ের ভোটকক্ষগুলো পরিষ্কার করছেন। আবার কেউ প্রতিটি কক্ষের বেঞ্চ-টেবিল সরিয়ে বুথ তৈরির কাজ করছেন। বাইরে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেন্দ্রটিতে বিকেলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কীভাবে কাজ করবে, ভোটের নিরাপত্তা কেমন থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে কথা বলা হয়।

এ সময় এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, আমরা আশা করি কোনো কেন্দ্রে কোনো ধরনের ঘটনা ঘটবে না। এটাই আমাদের প্রত্যাশা। তারপরও যদি কোথাও বিশৃঙ্খলা ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই সেখানে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রটি পরিদর্শন করে। পরে তারা চলে যায়।


বিজ্ঞাপন


বুধবার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনী উপকরণ বিতরণ করছেন। আগামীকাল সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী বুঝে নিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকাতেও একইভাবে প্রস্তুতি চলছে।

দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে অবস্থান নেন। পরে তারা ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেন। বিকেল থেকে কেন্দ্রে অবস্থান নিয়েছেন আনসার সদস্য ও ভোট-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, ভোটের বুথ তৈরি, লাইন বা সারির জন্য রশি টানা এবং বিভিন্ন বিধিনিষেধসংক্রান্ত স্টিকার লাগানোর কাজ চলছে। রাতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবেন। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

এসব ভোটার ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ৫০৬টি। নির্বাচনে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর