গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে কাস্টিং ভোটের হার দুই ঘণ্টা পরপর জানানো হবে। নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর সংগ্রহ ও যাচাই করে ইসি নির্ধারিত ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন পর্যায়ে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
এতে বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা প্রেরণ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System) এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।
ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট হতে “Kopot Dashboard" এ তা দেখা যাবে।
বিজ্ঞাপন
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএইচএইচ/এমআই

