‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কর্মসূচি পালনের সময় আজ শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দুই দফায় আন্দোলনকারীদের ওপর পুলিশ যে হামলা করছে তা ছিল বর্বর ও ন্যাক্কারজনক হামলা। মূলত জুলাইয়ে ক্ষোভ ও আক্রোশ থেকে তাদের পেটানো হয়েছে।’
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শাহবাগের হাদি চত্বরে এমন অভিযোগ করেন ডাকসু সদস্য এবি জুবায়ের৷
বিজ্ঞাপন
জুবায়ের বলেন, আজকে সারাদিনে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গাররা যারা জুলাইয়ে হামলা করেছিল এবং জুলাইয়ের ক্ষোভ এখনো যাদের মধ্যে রয়ে গেছে তারাই আমাদের ভাই-বোনদেরকে পিটিয়েছে রক্তাক্ত করেছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি, আপনারা দেখেছেন পুলিশ সদস্য আমাদের ওপর হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নৃত্য করেছে।
আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র শাহবাগ, আহত ৯৬
জুবায়ের বলেন, আপনারা দেখেছেন পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা জুলাই যোদ্ধাদের হামলা করেছে। এসময় তিনি উপস্থিত সবার উদ্দেশে প্রশ্ন রাখেন, ওসমান হাদি হত্যার বিচার পাওয়ার জন্য শুধু দ্বিতীয়বার না যদি প্রয়োজন হয় আমরা ১০০ বার জীবন বাজি রাখতে ও রক্ত দিতে প্রস্তুত আছেন? এ সময় উপস্থিত সকলে বলে ওঠেন হাঁ রাজি আমরা।
তিনি বলেন, হামলার সময় এক পুলিশ সদস্য পেটানোর পর বলেছে আয় হাদির লাশ নিয়ে যা। আমরা তাকে বলতে চাই, লাশ দিয়ে যা। সে এগুলো কেন বলল? আমরা প্রত্যেকটাকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা এক ঘণ্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে ওই হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
এমআইকে/এআর

