শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে বাদ ডা. শামীম শাহরিয়ার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট বাদ ডা. শামীম শাহরিয়ার
ডা. শামীম শাহরিয়ার। ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ডা. শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন; যে তালিকায় শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে, গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাস করেন তিনি। পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

তবে বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ডা. শামীম শাহরিয়ার নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘৪৪ তম বিসিএসের রেজাল্ট যখন হলো তখন আমি লাইব্রেরীতে পড়ছিলাম , আমার ফ্রেন্ডরা আমাকে এসে জড়ায়ে ধরেছিল, তারপর বিজয় মিছিল। আজ গেজেটে নাম আসেনি তখনও লাইব্রেরীতে ছিলাম আমার প্রিয়জন রা কান্নায় জড়ায়ে ধরেছে। এখনও লাইব্রেরিতেই আছি। আমার কাছে বিষয়টা এমন যে, গেজেটে অন্তর্ভূক্ত হলে ভালো হত তবে নাহলেও তেমন ক্ষতি নাই।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমি মেডিকেল টেস্ট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি।  আর আমার ক্যাম্পাসে আমার নামে কেউ বাজে রিভিউ দিতে পারে এটা আমাকে মেরে ফেললেও বিশ্বাস করবো না । তারা মাত্র সিগনালে আমাকে বলে গেল ভাই আমরা প্রয়োজনে কর্মবিরতি দিব। আমি বলেছি দরকার নাই। আই রিয়েলি লাভ দেম সো মাচ,  মাই সেকেন্ড ফ্যামিলি️ এলাকাতে রেজাল্ট এরপর সব রাজনৈতিক দল, উপদল, টিচার, সরকারী কর্মকর্তারা সহ বিশাল সংবর্ধনা দিয়েছিল আমাকে।  সেখান থেকেও নেতিবাচক রিপোর্ট আসবে আমার তেমন টা মনে হয় না। আশাকরি, সংশোধিত গেজেটে অন্তর্ভুক্ত হবো । আর সকলে আমার জন্য যতটা ভালবাসা, সাপোর্ট, উদ্বিগ্নতা দেখিয়েছেন আমার কৃতজ্ঞতা শোধ করার উপায় নাই। বিভিন্ন গ্রুপে অনেকে জানতে চাচ্ছেন বা বিভিন্ন তথ্য ছড়াচ্ছে তাই ক্লিয়ার করলাম।  সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

এ বিষয়ে জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর