শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা।

সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে কর্মসূচি পালন করবেন সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


ঘোষণা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি পালন করা হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া ডাকসু নেত্রী জুমা এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।

এ বিষয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউ গুলিবিদ্ধ নয় বলে তিনি দাবি করেন।


বিজ্ঞাপন


এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর