রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাট মাসুম ওরফে পিচ্চি মাসুমকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একাধিক বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র-শস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মাসুমের সহযোগী মাসুম, নাসির ও রাজু।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে একটি USA Made SIG Sauer M17 পিস্তল, USA Made 7.65 mm পিস্তল, একটি রিভলবার, হেরোইন, গাঁজা, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও ১৬টি মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, প্রথমেই পিচ্চি মাসুমের সহযোগী নাইমকে গ্রেফতার করে আভিযানিক দল। নাইমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুমকে আরেকটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়। মাসুমকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী ধলপুর এলাকায় একযোগে ৮টি স্থানে ৮টি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাসুমের দুই সহযোগী নাসির ও রাজুকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও পিচ্চি মাসুম ও তার সহযোগী রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আরও জানা যায়, শীর্ষ সন্ত্রাসী মাসুম গ্রেফতার হলেও তার কয়েকজন সহযোগী আত্মগোপনে রয়েছে। তারা হলো— আলামিন, হারুন, রাসেল ওরফে চশমা রাসেল, সাগর ও আম্বিয়া।
সেনা সূত্র জানিয়েছে, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
একেএস/এফএ

