আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আইন উপদেষ্টা বলেন, ‘এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নেই। দুই হচ্ছে, তাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন।’
‘সেটা আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি, এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনি হতে পারেন’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘যদি কোন কারণে তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করানো না যায়, তাহলে এরপর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন।’
সাধারণত এমপিদের শপথ পড়ান সংসদের স্পিকার। সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দিলেও স্পিকার বহাল থাকতেন। কারণ পূর্বের স্পিকারের কাছে পরবর্তি সংসদের সদস্যরা শপথ নেন।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যত্থানে হাসিনা সরকারের পতন হলে তৎকালীন সংসদ ভেঙে যায়। তৎকালীন স্পিকারও পদত্যাগ করেন। ফলে যেহেতু এখন কোনো স্পিকার বহাল নেই তাই এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ কে পড়াবেন সেটি নিয়ে প্রশ্ন আসছে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বিইউ/এএম

