জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬-এর এশিয়া অঞ্চলের চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ আহমেদ ফাহমি।
বিশ্বের ৫৬টি কমনওয়েলথভুক্ত দেশের ৯৭৭ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে পাঁচটি অঞ্চলের ২০ জন চূড়ান্ত প্রতিযোগীর একজন হিসেবে নির্বাচিত হন তিনি।
বিজ্ঞাপন
দুই ধাপের বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়, যেখানে ৫৭ জন আন্তর্জাতিক বিচারক অংশ নেন। বিচারকরা উদ্যোগগুলোর প্রভাব, টেকসই দিক ও সামাজিক গুরুত্ব মূল্যায়ন করেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আহমেদ ফাহমি ‘গিভ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক। তিনি ‘প্রজেক্ট অক্সিজেন’ নামে একটি জাতীয় স্বেচ্ছাসেবী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য উপকূলীয় পরিবেশ রক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।
প্রজেক্ট অক্সিজেনের মাধ্যমে এখন পর্যন্ত দেশের উপকূলীয় ও জলবায়ু-আক্রান্ত এলাকায় এক লাখ ৫৩ হাজার ৬০০টির বেশি গাছ রোপণ করা হয়েছে। এ উদ্যোগে পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। প্রকল্পটির আওতায় জীবিকা উন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগে নিয়মিত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে এই উদ্যোগ।
বিজ্ঞাপন
এই প্রকল্পে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পরিবেশ সুরক্ষার পাশাপাশি তারা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কাজ করছেন, ফলে উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগের আগে প্রস্তুতি ও সংকট মোকাবিলার সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের অংশগ্রহণও আরও শক্তিশালী হচ্ছে।
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস মূলত তরুণ সমাজকর্মী, পরিবেশকর্মী, উদ্ভাবক ও স্বাস্থ্যখাতের নেতাদের সম্মান জানায়, যারা নিজ নিজ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছেন। গত এক দশকের বেশি সময় ধরে এই পুরস্কার তরুণদের আন্তর্জাতিক পরিচিতি, বৈশ্বিক নেটওয়ার্ক এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে।
চূড়ান্ত তালিকাভুক্তদের অভিনন্দন জানিয়ে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে বলেন, তরুণদের হাতেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। দারিদ্র্য দূর করা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, শিক্ষা ও মানবিক উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইয়ুথ অ্যাওয়ার্ডসের মতো উদ্যোগের মাধ্যমে বিশ্বমঞ্চে তরুণদের সম্ভাবনাকে তুলে ধরতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ১১ মার্চ ২০২৬ কমনওয়েলথ ডে উপলক্ষে লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত কমনওয়েলথ সচিবালয়ের প্রধান কার্যালয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।
চূড়ান্ত প্রতিযোগীদের সবাই এক হাজার পাউন্ড অনুদান, একটি ট্রফি ও সনদ পাবেন। পাঁচটি অঞ্চলের বিজয়ীরা অতিরিক্ত দুই হাজার পাউন্ড পুরস্কার অর্জন করবেন। পাশাপাশি একজনকে ‘কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হবে, যিনি মোট পাঁচ হাজার পাউন্ড পুরস্কার পাবেন।
কমনওয়েলথ কর্তৃপক্ষের মতে, আহমেদ ফাহমির এই সাফল্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি তরুণদের জলবায়ু ও টেকসই উন্নয়ন কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
এএইচ/এমআই

