ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোস্টগার্ডের কেউ কোনো প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
অতীতের যেকোনো বারের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সহিংসতা, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক তুলে দেন তিনি।
সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে অনেক প্রার্থী ও সমর্থক তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন। তাদের আরো শান্ত থাকতে হবে।
নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন বিধি, জননিরাপত্তা, জনসেবা এবং জনকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন।
‘আপনারা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারও বিপক্ষে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজ্ঞাপন
এর আগে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডের সদস্যদের নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমআর

