রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর অফিসের জেনারেটর রুম থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম বিজয়। সে এসএম সোলিম ইন্ডাস্ট্রিজের ওই অফিসের ক্লিনার পদে চাকরি করতো।
যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে এসএম সোলিম ইন্ডাস্ট্রিজের অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে কোনো মানুষের মরদেহ পঁচা দুর্গন্ধের খবর পাই। পরে আমরা রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে এসএম সোলিম ইন্ডাস্ট্রিজের বন্ধ জেনারেটর ঘর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। এ সময় ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন এবং পাশে একটি ইট পাওয়া যায়। সে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনার পদে চাকরি করতো।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে সে নিখোঁজ হয়। সে কড়াইল বস্তিতে থাকতো। পরে তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। কিন্তু এই বিষয়ে আমাদের থানা পুলিশকে কিছুই জানানো হয়নি। ওই অফিসের পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন দিয়ে জানায় আমরা দুজনেই জেনারেটরের রুমে ঢুকেছিলাম। আমি বের হয়ে এসেছি। কিন্তু বিজয় বের হয়ে এসেছে কিনা সেটা বলতে পারি না। এ ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ। ধারণা করা হচ্ছে ওই অফিসের পিয়ন রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
একেএস/এফএ

