আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত দুই প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এই প্রার্থীরা হলেন- ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ।
বিজ্ঞাপন
ইতিমধ্যেই এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মীর আহমাদ বিন কাসেম ও কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান মোজাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন।’
‘বর্ণিতাবস্থায়, দাখিলকৃত আবেদনসমূহের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’, বলা হয় ইসির চিঠিতে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন গণভোটও অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে এখন চলছে প্রচার-প্রচারণা।
এমএইচএইচ/এএম

