রাজধানী মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) পল্লবীর তালতলা বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম- আলাল (৩৭)।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, পল্লবীর থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের কাছে রেখেছিল আলাল, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পল্লবী থানা সূত্র জানায়, তালতলা বস্তির ভাড়া বাসার শয়ন কক্ষে এক অপরাধী বিদেশী পিস্তল ও গুলি নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথবাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়।
যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলালকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এই ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়। ওই মামলায় আলালকে গ্রেফতার দেখানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এএম

