বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে
সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন (ফাইল ছবি)

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নামছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে।

‎বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালীন মহড়া শেষে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৫ ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

তৈমুর হাসান বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে। এ সকল দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা ১২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

‎তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করবে, যাতে সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পায় এবং ভোটাররা ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

‎লেফটেন্যান্ট কর্নেল তৈমুর বলেন, নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনের আগে ও চলাকালে রাজধানীতে প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

‎তিনি আরও বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়ন কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিজিবি ৫ এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে।

‎নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর