রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ক্যান্সার গলি ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও বিভিন্ন দুষ্কৃতকারী ১৮ জন সদস্য গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল রায়েরবাজার এলাকায় অভিযানে অংশ নেয়। যেখানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়েছিল। অভিযানে তাদের কাছ থেকে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্ট ফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা ও ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাইবাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে। তিনি স্থানীয়দের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
একেএস/এফএ




